Friday, June 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

গাজীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে আড়াই লাখ টাকা ছিনতাই

ছিনতাইয়ের পর দুর্বৃত্তরা চলে যাওয়ার সময় ককটেল ফুটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১১:৪০ এএম

গাজীপুরে চাপাতি দিয়ে কুপিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিকাশ ব্যবসায়ী আমিনুল ইসলামের (৩৮) কাছ থেকে আড়াই লাখ টাকা এবং পাঁচটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে মহানগরীর কোনাবাড়ী বাইমাইল (সাইনবোর্ড) এলাকায় এ ঘটনা ঘটে।

বিকাশ ব্যবসায়ী আমিনুল ইসলাম মহানগরীর কোনাবাড়ী বাইমাইল সাইনবোর্ড এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবত ওই এলাকার হাজী মার্কেটে বিকাশের ব্যবসা করে আসছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন ব্যবসায়ীর বরাত দিয়ে বলেন, “রাতের ওই সময়ে দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন ব্যবসায়ী আমিনুল ইসলাম। এসময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সাদা প্রাইভেটকার থেকে দুই যুবক বের হয়ে ব্যবসায়ীকে চাপাতি দিয়ে কোপ দেয়। পরে দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা ব্যাগ থেকে নগদ আড়াই লাখ টাকা এবং বিকাশের কাজে ব্যবহৃত চারটি বাটন ও একটি টাচ মোবাইল ফোন ছিনিয়ে যায়। দুর্বৃত্তরা চলে যাওয়ার সময় ককটেল ফুটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।”

তিনি আরও বলেন, “ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। ভিকটিম এজাহার দেওয়ার পর মামলা হবে। এটি একটি বিচ্ছিন্ন এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা।”

   

About

Popular Links

x