Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় চালক ও যাত্রীসহ নিহত ৩

দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ বাস আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৩:১০ পিএম

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ধাক্কায় ও যাত্রীবাহী বাসের চাপায় তিনজন নিহত হয়েছেন।

রবিবার (২৪ আগস্ট) সকাল ৮টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কে হয়বাতপুর বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় নাজিম উদ্দীন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হন। নিহত নাজিম উদ্দীন নাটোরের লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের মৃত সিরাজ উদ্দীনের ছেলে।

অপরদিকে, শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কে সিংড়া উপজেলার বারইহাটি এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত ভ্যানচালক ও এক যাত্রী নিহত হন। নিহতরা হলেন সিংড়া উপজেলার বড় বারইহাটি গ্রামের তাইরদ্দির ছেলে আত্তারি মৃধা এবং খইরুদ্দিনের ছেলে মো. মোজা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই নাজিম উদ্দীনের মৃত্যু হয়। খবর পেয়ে নাটোর ঝলমলিয়া হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় জড়িত মোটরসাইকেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান। 

এদিকে, ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান আরও জানান, বগুড়া থেকে নাটোরগামী জান্নাত পরিবহনের যাত্রীবাহী বাস একটি ব্যাটারিচালিত ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক মোজা ও যাত্রী আত্তারি মৃধা গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। পরে হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে জান্নাত পরিবহনের বাসটি বড়াইগ্রামের রাজাপুর এলাকা থেকে জব্দ করে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যান।

   

About

Popular Links

x