Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ৫ দিনের রিমান্ডে

এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আসামি

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৪:৫১ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলনে আসাদুল হক বাবু হত্যার ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে পাঁচ দিন রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

সোমবার (২৫ আগস্ট) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন।

এর আগে আজ দুপুরে তৌহিদ আফ্রিদিকে আদালতে হাজির করা হয়। এই মামলায় তাকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করা হয়। আসামিপক্ষ থেকে রিমান্ড আবেদন নাকচ চাওয়া হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তৌহিদ আফ্রিদির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার দপুর ২টা ২৫ মিনিটের দিকে তৌহিদ আফ্রিদিকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। এরপর তাকে এজলাসে তোলা হয়।

তৌহিদ আফ্রিদি বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিনের ছেলে। একই মামলায় নাসির উদ্দিনকে ১৭ আগস্ট গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। তাকে গুলশান থেকে গ্রেপ্তারের পরদিন রিমান্ডে নেওয়া হয়। গত বছরের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলাটি হয়। এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আসামি।

বরিশালের কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “বাংলাবাজার এলাকার পপুলার ডায়গনষ্টিক ল্যাবের পাশের একটি ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর পর তাকে ঢাকায় নিয়ে আসা হয়।”

আফ্রিদিকে রিমান্ডে নেওয়ার আবেদনে বলা হয়েছে, “স্বৈরাচারীর পক্ষ নিয়ে ‘কনটেন্ট ক্রিয়েটর’ তৌহিদ আফ্রিদি সেলিব্রেটি ও অন্যান্য কনটেন্ট ক্রিয়েটরদের দিয়ে আন্দোলন বন্ধের জন্য প্ররোচিত করেন। যারা দ্বিমত পোষণ করেছেন তাদের বিভিন্ন হুমকি ও ভয়ভীতি দেখিয়েছেন।”

   

About

Popular Links

x