Saturday, July 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নিহত বাবু একটি আইটি কোম্পানিতে চাকরি করতেন বলে জানান তার বন্ধু

আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৯:৪১ এএম

রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শান্ত আহমেদ বাবু (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৫ আগস্ট) রাত ১০টার দিকে যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বাবু শনির আখড়া এলাকায় মৃধা বাড়িতে থাকতেন। একটি আইটি কোম্পানিতে চাকরি করতেন তিনি। এ ঘটনায় চঞ্চল শরীফ নামে একজন আহত হয়েছেন।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা নিহতের বন্ধু তন্ময় জানান, গতকাল সোমবার রাতে গলির ভেতর থেকে বাবুর এক ছোট ভাইয়ের মোবাইল নিয়ে যায় কয়েকজন দুর্বৃত্ত। তিনি বিষয়টি জানতে পেরে চার-পাঁচজন বন্ধুসহ সেখানে যান। সেখানে গিয়ে মোবাইলের কথা জিজ্ঞেস করতেই দুর্বৃত্তরা তাদের মারপিট শুরু করে। একপর্যায়ে বাবুর গলার বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় শরীফ নামে আরও একজন গুরুতর আহত হন। পরে তাদের দুজনকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, শরীফের অবস্থাও আশঙ্কাজনক রয়েছে। তার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে। তার জন্য কয়েক ব্যাগ রক্তের ব্যবস্থা করা হয়েছে।

দুর্বৃত্তদের প্রসঙ্গে তন্ময় বলেন, ‘‘ওই ২০-৩০ জনের মধ্যে কোরবান, হাসান, হোসাইন ও জনি নামে কয়েকজনকে আমরা চিনতে পেরেছি। চোখের সামনে আমার বন্ধুকে ছুরিকাঘাত করে হত্যা করে ফেলেছে। আরেকজন মৃত্যুর সঙ্গে এখন পাঞ্জা লড়ছে।’’

সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এছাড়াও গুরুতর আহত একজনের চিকিৎসা চলছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।

   

About

Popular Links

x