Friday, July 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

চার দিন পর বিদ্যুৎ পেল জাপান সিটি, এখনো অন্ধকারে ৭ ভবন

ফ্রিজে সংরক্ষিত খাবার নষ্ট হয়ে গেছে, লিফট বন্ধ থাকায় যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৩:৩৮ পিএম

রাজধানীর জাপান গার্ডেন সিটিতে চার দিন পর বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে স্বাভাবিক হলেও এখনো সাতটি ভবনে বিদ্যুৎ সংযোগ সচল হয়নি। অভ্যন্তরীণ কারিগরি ত্রুটির কারণে এসব ভবনের কয়েক হাজার বাসিন্দা বিদ্যুৎ ও পানির সংকটে চরম দুর্ভোগে রয়েছেন।

শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, মোট ২৬টি ভবনের মধ্যে ১৯টিতে বিদ্যুৎ সরবরাহ চালু হলেও বাকি সাতটি ভবনে এখনো সংযোগ পুনঃস্থাপন সম্ভব হয়নি।

বিদ্যুৎ না থাকায় বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ফ্রিজে সংরক্ষিত খাবার নষ্ট হয়ে গেছে, লিফট বন্ধ থাকায় যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। পাশাপাশি পানি সরবরাহ ব্যাহত হওয়ায় রান্না, গোসল ও টয়লেট ব্যবহারের মতো মৌলিক কাজেও সমস্যায় পড়েছেন বাসিন্দারা।

জাপান গার্ডেন সিটির বাসিন্দা তৌহিদুর রহমান বলেন, চার দিন ধরে বিদ্যুৎ না থাকায় তার দুই শিশু অসুস্থ হয়ে পড়েছে। ফ্রিজে রাখা ২৬ কেজি মাংস নষ্ট হয়ে গেছে। জেনারেটরের মাধ্যমে কিছুটা ব্যবস্থা করা হলেও সেটিও নিয়মিত চালু রাখা সম্ভব হচ্ছে না।

২০ নম্বর ভবনের বাসিন্দা মাসুম খন্দকার বলেন, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ফ্রিজের অনেক খাদ্যসামগ্রী নষ্ট হয়েছে। কিছু জিনিস আত্মীয়দের বাসায় সরিয়ে রাখতে হয়েছে। এভাবে দিনের পর দিন বসবাস করা অত্যন্ত কষ্টকর।

বাসিন্দাদের অভিযোগ, ৭ জুলাই দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পর বৃহস্পতিবার রাতে অধিকাংশ ভবনে বিদ্যুৎ ফিরলেও এখনো সাতটি ভবনে সমস্যা রয়ে গেছে।

এ বিষয়ে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) জানিয়েছে, জাপান গার্ডেন সিটির নিজস্ব ৩৩ কেভি সাবস্টেশনের একটি ট্রান্সফরমারে ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়।

ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী আয়াতুল্লাহ ইমরান আলী বলেন, জাপান গার্ডেন সিটি ৩৩ কেভি পর্যায়ের গ্রাহক। তাদের অভ্যন্তরীণ উপকেন্দ্রের ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে বাসিন্দাদের অনুরোধে ডিপিডিসি নিজ উদ্যোগে কারিগরি সহায়তা দিয়ে বৃহস্পতিবার রাত ১১টার দিকে ১৯টি ভবনে বিদ্যুৎ সরবরাহ চালু করে। তবে কয়েকটি ভবনের অভ্যন্তরীণ সংযোগে ত্রুটি থাকায় সেখানে এখনো বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়নি।

জাপান গার্ডেন সিটির ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, বিভিন্ন কারিগরি জটিলতার কারণে সমস্যা সমাধানে সময় লেগেছে। বিদ্যুৎ না থাকায় ভবনভিত্তিক ত্রুটি শনাক্ত করাও কঠিন ছিল। বিদ্যুৎ চালুর পর কয়েকটি ভবনে নতুন করে সমস্যা ধরা পড়ে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় একটি বিশেষ কারিগরি টিম গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

   

About

Popular Links

x