Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকাসহ দেশের ৫ বিভাগে গরম বাড়বে

সারা দেশে চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ আরও বাড়বে

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পিএম

দেশজুড়ে চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ আরও বৃদ্ধির আভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

শুক্রবার (৩ এপ্রিল) থেকে ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে গরমের তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বিডব্লিউওটি জানিয়েছে, খুলনা ও রাজশাহী বিভাগের পাশাপাশি ঢাকা, বরিশাল ও রংপুর বিভাগের কিছু জেলায় নতুন করে তাপপ্রবাহ সক্রিয় হতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়ার আশঙ্কা রয়েছে।

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, খুলনা, সাতক্ষীরা, পাবনা, গোপালগঞ্জ ও নড়াইল জেলায় তাপমাত্রা ৩৭ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

অন্যদিকে নাটোর, নওগাঁ, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি ও পিরোজপুরে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।

তীব্র গরমের কারণে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরাসরি রোদ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এই সময়ে হিটস্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। পাশাপাশি ছায়াযুক্ত স্থানে থাকা এবং পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বিডব্লিউওটি আরও জানায়, চলমান তাপপ্রবাহ আগামী ৬ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে এর মধ্যে দেশের কিছু স্থানে বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি হতে পারে, যা সাময়িক স্বস্তি এনে দিতে পারে।

   

About

Popular Links

x