Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

রামেক হাসপাতালে হাম রোগের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

একই নিয়ে উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে এ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মোট ৪০ জনের মৃত্যু হয়েছে

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০১:০১ পিএম

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম রোগের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে মোট ৪০ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১২৫ শিশু চিকিৎসাধীন রয়েছে।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার (৪ এপ্রিল) সকাল ৮টা থেকে থেকে রবিবার (৫ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এই দু্ই শিশুর মৃত্যু হয়েছে।

এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ১৪ জন ভর্তি হয়েছে। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৩৬ শিশু। হাসপাতালটিতে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৩৯১ জন। আর চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪০ শিশু।

রাজশাহী বিভাগের ৫ জেলায় হামের টিকাদান কর্মসূচি শুরু

এদিকে, রবিবার থেকে রাজশাহী বিভাগের ৫টি জেলায় শিশুদের জন্য তিন সপ্তাহব্যাপী হামের টিকাদান বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। তুলনামূলক বেশি সংক্রমণপ্রবণ এলাকাগুলোকে অগ্রাধিকার দিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

রবিবার (৫ এপ্রিল) সকাল ৯টায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা কমিউনিটি ক্লিনিকে বেলুন ও পায়রা উড়িয়ে এই টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “আজ (রবিবার) থেকে শিশুদের জন্য তিন সপ্তাহব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হলো। এই কর্মসূচির আওতায় মোট ৫৬,৬০০ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, প্রথম দিনে মোট ২৭টি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং আজ ৫,৬০০ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা রয়েছে।

অনুষ্ঠানে রাজশাহীর সিভিল সার্জন ডা. এস আই এম রাজিউল করিম জানান, ৫ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এই টিকা দেওয়া হবে। প্রথম দিনে গোদাগাড়ী উপজেলায় ৫,৬৫০ জন এবং পৌরসভায় ৬২৮ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। যেসব শিশু অন্তত ২৮ দিন আগে টিকা নিয়েছে, তাদেরও এই কর্মসূচির আওতায় পুনরায় টিকা দেওয়া হবে।

তিনি আরও জানান, পর্যায়ক্রমে জেলার প্রায় ৪০ হাজার শিশুর মধ্যে এই টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে। আগামী তিন সপ্তাহ প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে এই কার্যক্রম চলবে।

   

About

Popular Links

x