ভারতের মহারাষ্ট্রে দুই বছর সাজাভোগ শেষে দেশে ফিরেছেন বাংলাদেশি এক নারী।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকাল ৫ টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে ওই নারীকে হস্তান্তর করা হয়।
তিনি বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার বাসিন্দা।
বেনাপোলে কর্মরত যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের শফিকুল ইসলাম জানান, দালালের মাধ্যমে ভালো কাজের আশায় এই নারী ভারতের মহারাষ্ট্রে যান। সেখানে অবৈধভাবে বসবাসের অভিযোগে সেখানকার পুলিশ তাকে আটক করে আদালতে পাঠায়। আদালত তাকে দুই বছর সাজা দেন।
“সাজাভোগ শেষে মহারাষ্ট্রের একটি সেফ হোমের হেফাজতে ছিলেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়, কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন এবং পশ্চিমবঙ্গের নারী-শিশু পাচাররোধ বিষয়ক টাস্কফোর্সের সমন্বিত প্রচেষ্টায় ওই নারীকে ফিরিয়ে আনা হয়।”
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক সৈয়দ মোর্তজা জানান, ট্রাভেল পারমিটে ফেরত আসা ওই নারীর কাগজপত্রের কাজ শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় এবং পরে থানার কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।



