বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত বেনাপোল-খুলনা রুটে চলাচলকারী বেতনা কমিউটার ও বেনাপোল-মোংলা রুটে চলাচলকারী মোংলা কমিউটার ট্রেনের বাণিজ্যিক কার্যক্রমের চুক্তি বাতিল করা হয়েছে।
নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রেনের ভাড়া, ভ্যাট ও উৎস করের পাওনা টাকা সময়মতো পরিশোধ করতে না পারায় এ চুক্তি বাতিল করা হয়েছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে ইজারা চুক্তি বাতিল ঘোষণা করা হয়। এখন থেকে আবারও সরকারি ব্যবস্থাপনায় ট্রেন দুইটি চলাচল করছে।
এর আগে, গত ২৭ এপ্রিল বাংলাদেশ রেলওয়ের রাজশাহীর চিফ কমার্শিয়াল ম্যানেজার (পশ্চিম) মো. আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনটি বেসরকারি খাতে লিজ দিতে রেলওয়ের বর্তমান আয় থেকে বেশি পাওয়া যাবে এই অজুহাতে কিছু অসাধু কর্মকর্তা উঠে-পড়ে লেগেছিল। স্টেশনে চেকার স্বল্পতার কারণে টিকেট কাটার কিছুটা সমস্যা হয়।
লাভজনক রুটটি বেসরকারি টিকেট ব্যবস্থাপনার জন্য ২০২৫ সালের ২২ ডিসেম্বর তিন বছরের জন্য কার্যদেশ দেওয়া হয় ঢাকার মিরপুর দারুস সালাম রোডের এইচ অ্যান্ড এম ট্রেডিং কর্পোরেশন নামের একটি প্রতিষ্ঠানকে। তারা চলতি বছরের ১১ জানুয়ারি থেকে নিজেদের ব্যবস্থাপনায় ট্রেনটি চালু করেন।
ওই প্রতিষ্ঠানটি বাংলাদেশ রেলওয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে দুই জোড়া ট্রেন পরিচালনা করে আসছিল। ট্রেনগুলো হলো, বেনাপোল-খুলনা-বেনাপোল রুটে চলাচলকারী “বেতনা কমিউটার” ও খুলনা-মোংলা-খুলনা রুটে চলাচলকারী “মংলা কমিউটার”।
রেলওয়ে কর্তৃপক্ষ আরও জানায়, চুক্তির শর্ত অনুযায়ী ওই প্রতিষ্ঠানটি নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রেনের নির্ধারিত ভাড়া, ভ্যাট এবং উৎস কর পরিশোধ করতে ব্যর্থ হয়েছে। বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও বকেয়া টাকা পরিশোধ না করায় রেলওয়ে কর্তৃপক্ষ কঠোর অবস্থানে যেতে বাধ্য হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, শর্তভঙ্গের কারণে তিন মাস ১৭ দিন চালানোর পর এইচ অ্যান্ড এম ট্রেডিং কর্পোরেশনের সাথে সম্পাদিত চুক্তিটি গত মঙ্গলবার (২৮ এপ্রিল) হতে বাতিল ঘোষণা করা হয়েছে। এখন থেকে আবারও সরকারি ব্যবস্থাপনায় ট্রেন দুইটি চলাচল করছে।
বেনাপোল রেলওয়ের স্টেশন মাস্টার আইনাল হাসান জানান, যাত্রীসেবা নিশ্চিত করতে এবং রাজস্ব ক্ষতি এড়াতে শীঘ্রই এই রুটগুলোতে ট্রেন পরিচালনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এখন থেকে এই ট্রেন দুটি পুনরায় সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হবে। ট্রেন দুটির সাপ্তাহিক ছুটির দিন হিসেবে মঙ্গলবার বহাল থাকবে।



