সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্টগার্ড নিয়মিত অভিযানে গত দেড় বছরে পাঁচটি ডাকাত দলের মোট ৬১ সদস্যকে আটক করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ব্যক্তিরা শরীফ, নানা ভাই, ছোট সুমন, আলিফ ও আসাবুর বাহিনী হিসেবে পরিচিত বিভিন্ন দলের সদস্য। এসব অভিজানের সময় তাদের কাছ থেকে ৮০টি আগ্নেয়াস্ত্র, ৫৯৯টি তাজা গুলি, ৩০৮টি গুলির খোসা এবং ১ হাজার ৯৫০টি এয়ারগানের গুলি জব্দ করা হয়।
এছাড়া বনদস্যুদের কবল থেকে এখন পর্যন্ত ৭৮ জন জেলে ও ৩ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। দস্যুতা দমনে সুন্দরবনের নদী ও খালগুলোতে কোস্টগার্ডের টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
অভিযানের অংশ হিসেবে দস্যুদের বেশ কয়েকটি আস্তানা শনাক্ত করে ধ্বংস করে দেওয়া হয়েছে বলেও ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
কোস্টগার্ড জানিয়েছে, সুন্দরবনসংলগ্ন মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দস্যুতা নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



