শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগে গোপালগঞ্জে কোটালিপাড়ার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তপতী বাড়ৈকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) সকালে বদলির খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয় প্রাঙ্গনে অভিভাবকরা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ প্রকাশ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তপতী বাড়ৈয়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে খারাপ আচরণ করার অভিযোগ ছিল।
অন্যদিকে, শিক্ষার্থীরা টানা দুই দিন ক্লাস বর্জন করে এ ঘটনার প্রতিবাদ জানায় এবং অভিভাবকরা বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছিলেনন।
অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি সত্যতা খুঁজে পাওয়ায় তদন্ত কমিটি ৬ এপ্রিল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা. জ্যোৎস্না খাতুন স্বাক্ষরিত এক আদেশে ওই শিক্ষককে স্থায়ী বদলির নির্দেশ দেওয়া হয়।
অভিভাবকদের দাবি, এই সিদ্ধান্তের ফলে বিদ্যালয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি বোরহান খান বলেছেন, “শিক্ষক হলেন আদর্শের প্রতীক। সেখানে যদি এমন আচরণ হয়, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা চাই ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে।”
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হয়েছে এবং প্রমাণ পাওয়ায় আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।



