Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

মানিকগঞ্জে শিশুকে হত্যার অভিযোগে গণপিটুনিতে নিহত ২

এলাকাবাসীর সন্দেহ, শিশুটির পরে থাকা স্বর্ণালঙ্কার লুটের জন্যই তাকে হত্যা করা হয়েছে

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পিএম

মানিকগঞ্জ সদর উপজেলায় ৮ বছর বয়সি এক শিশুকে হত্যার অভিযোগে গণপিটুনিতে দুই সহোদর ভাই নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরেকজন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে হাটিপাড়া ইউনিয়নের কান্দুরপার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ওই এলাকার দুদুল মিয়ার মেয়ে আতিকা হঠাৎ নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে দেন এবং এলাকায় মাইকিং করে খোঁজ শুরু করেন। কিন্তু দীর্ঘ সময়েও তার কোনো সন্ধান মেলেনি।

পরে রাত ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে হাত-পা বাঁধা অবস্থায় আতিকার নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ দৃশ্য দেখে মুহূর্তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে, সৃষ্টি হয় তীব্র ক্ষোভের। প্রাথমিকভাবে ধারণা করা হয়, শিশুটির পরনে থাকা স্বর্ণালঙ্কার লুটের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে।

ঘটনার পরপরই জড়িত সন্দেহে স্থানীয় উত্তেজিত জনতা পান্নু মিয়া, তার ভাই ফজলুর রহমান ও ছেলে নাজমুলকে আটক করে ধোলাই দেয়। এতে পান্নু (৩৫) ও ফজলু (২৮) ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় নাজমুলকে (২০) হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী জানায়, নাজমুল মাদকাসক্ত ছিল। নেশার জন্য মেয়েটিকে হত্যা করে তার কানে থাকা স্বর্ণালংকার লুটে নেয় বলে অভিযোগ তাদের।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে গণধোলাইয়ের ঘটনাতেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সুপার (এসপি) মো. সারওয়ার আলম বলেন, ঘটনা তদন্তে মাঠে কাজ করছে পুলিশ। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলা হওয়ার পর তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, এ ঘটনায় এখনও কোনো পক্ষ থেকে থানায় মামলা হয়নি।

   

About

Popular Links

x