Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বীরগঞ্জে আদিবাসীদের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

আদিবাসীদের কবরস্থানের নির্ধারিত স্থানের গাছ কেটে জমি দখলের চেষ্টা করা হয়

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৮:০০ পিএম

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নে সনকা খ্রিষ্টান পাড়ার আদিবাসীদের শ্মশান কালী মন্দিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কালী মূর্তিটি ভেঙে যায় এবং পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতে ফেলে দেওয়া হয়।

রবিবার (১৯ এপ্রিল) সকালে ইউনিয়নের ঘোড়াবান্দ গ্রামের কাদেরের ছেলে রেজাউল ও আজগর সাহাজীর ছেলে আজাদের নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী এ হামলা করে বলে স্থানীয়দের অভিযোগ।

এই ঘটনার পর আদিবাসীদের কবরস্থানের জায়গার গাছ কেটে জমি দখলের চেষ্টা করা হয়। এ সময় আদিবাসীরা একত্রিত হয়ে বাধা দেয়।

এলাকাবাসী জানায়, গাছ কাটার পূর্বে সন্ত্রাসীরা আতঙ্ক সৃষ্টি করতে মঙ্গল মুরমুর ছেলে পিউস মুরমুর (৪৫) এর বাড়িতে প্রবেশ করে হামলা চালিয়ে তাকে আহত করে এবং তার বাড়িতে অগ্নিসংযোগ করে।

এ সময় উভয়পক্ষের সংঘর্ষে গনেশ সরেনের ছেলে বিশ্বনাথ ওরফে ভোন্দা (৩০) নামে এক যুবকের বুকে তীর বিদ্ধ হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই ঘটনার সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, এসআই জাহাঙ্গীর বাদশা রনি, এসআই দীনেশ রায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বীরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে নিশ্চিত করেন বীরগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

   

About

Popular Links

x