বাংলাদেশ পুলিশের ইউনিফর্মের রং পরিবর্তন নিয়ে চলমান আলোচনা-সমালোচনার মধ্যেই আবার নতুন করে রঙ নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। সর্বশেষ প্রস্তাবে গাঢ় নীল ও হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণ ফিরিয়ে আনার কথা বলা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস শাখার অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহানের সই করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়।
‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’ সংশোধনের প্রস্তাব ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
নতুন প্রস্তাব অনুযায়ী, মেট্রোপলিটন পুলিশের সদস্যদের শার্ট হবে হালকা অলিভ রঙের। অন্যদিকে এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র্যাব ছাড়া পুলিশের অন্যান্য ইউনিটে শার্টের রং হবে গাঢ় নীল। সব ক্ষেত্রেই প্যান্ট হিসেবে নির্ধারণ করা হয়েছে ‘টিসি টুইল খাকি’।
এই পরিবর্তন বাস্তবায়নের জন্য ড্রেস রুলসের কয়েকটি ধারা সংশোধনের প্রস্তাব করা হয়েছে এবং প্রজ্ঞাপন জারির খসড়াও পাঠানো হয়েছে।
ইউনিফর্ম সরবরাহ ধাপে ধাপে হওয়ায় এই পরিবর্তনে সরকারের অতিরিক্ত আর্থিক চাপ পড়বে না। এখন দ্রুত প্রয়োজনীয় অনুমোদন ও কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছে পুরো প্রক্রিয়াটি।
২০২৪ সালের জুলাইয়ে আন্দোলনের পর পুলিশের হারানো মনোবল ফিরিয়ে আনতে ইউনিফর্মে বড় ধরনের পরিবর্তন আনে অন্তর্বর্তীকালীন সরকার। তখন শার্টের রং করা হয় ‘লোহার রং’ এবং প্যান্ট ‘কফি রং’। কিন্তু মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী অনেক পুলিশ সদস্য এই পরিবর্তন সহজভাবে নেননি। তাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়, যা ধীরে ধীরে বাহিনীর ভেতর-বাইরে আলোচনার বিষয় হয়ে ওঠে।
এই প্রেক্ষাপটে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি পুনর্বিবেচনা করেন। বিভিন্ন রঙের নমুনা পর্যালোচনা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা শেষে নতুন করে রঙ নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।



