Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন

নিরাপত্তার দাবিতে তাদের ডাকা ২৪ ঘণ্টার কর্মবিরতি বর্তমানে চলমান রয়েছে

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পিএম

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা ও হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি চলছে। একইসঙ্গে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইন্টার্ন চিকিৎসক সোসাইটি রামেকহা’র উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন ইন্টার্ন চিকিৎসকরা।

তারা জানান, গত ১৯ এপ্রিল রাতে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে রোগীর এক স্বজনের হামলায় দুইজন পুরুষ ইন্টার্ন চিকিৎসক আহত হন। একইভাবে ২০ এপ্রিল সন্ধ্যায় ৩৬ নম্বর ওয়ার্ডে এক নারী ইন্টার্ন চিকিৎসক হেনস্তা ও মবের শিকার হন। এসব ঘটনার প্রতিবাদে এবং নিরাপদ কর্মপরিবেশের দাবিতে তারা এ কর্মসূচি গ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন ইন্টার্ন প্রতিনিধি ডা. তানভীর আহমেদ তৌকির, ডা. মোহাম্মদ নাসরুল্লাহ শেখ, ডা. আবিরা সুলতানা, ডা. তানিয়া আক্তার ও ডা. মো. শিবলী।

তারা বলেন, হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে চিকিৎসা সেবা প্রদান করা কঠিন হয়ে পড়বে। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

ইন্টার্ন চিকিৎসকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। বর্তমানে তাদের ডাকা ২৪ ঘণ্টার কর্মবিরতি চলমান রয়েছে।

এদিকে, কর্মবিরতির কারণে হাসপাতালের নিয়মিত চিকিৎসা সেবা আংশিক ব্যাহত হলেও জরুরি বিভাগ ও বহির্বিভাগের সেবা চালু রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

অপরদিকে, ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের পরিচালক মহোদয়ের সঙ্গে বৈঠকে বসেছেন। বৈঠক শেষে পরবর্তী কর্মসূচি সম্পর্কে সিদ্ধান্ত জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

   

About

Popular Links

x