Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সৌদি আরব থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল আসছে

ইআরএল এমডি জানান, ক্রুড ওয়েল বহনকারী ট্যাংকারটি চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে ৫ মে

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ১০:২০ পিএম

সৌদি আরব থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে “এমটি নিনেমিয়া” নামের একটি ট্যাংকার। আগামী ৪ বা ৫ মে জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শরীফ হাসনাত বলেন, “আশা করছি ১ লাখ টন ক্রুড ওয়েল (অপরিশোধিত তেল) বহনকারী ট্যাংকারটি ৪ বা ৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে।”

তিনি জানান, জাহাজটি আজ স্থানীয় সময় সকাল ৬টায় সৌদি আরবের লোহিত সাগর উপকূলের ইয়ানবু বন্দর থেকে যাত্রা করেছে। গত রাতে এতে তেল বোঝাই করা হয়।

ব্যবস্থাপনা পরিচালক জানান, এমটি নিনেমিয়া নামের ওই ট্যাংকারটি হরমুজ প্রণালি এড়িয়ে লোহিত সাগর উপকূল হয়ে বাংলাদেশে আসছে। এ অপরিশোধিত তেল বাংলাদেশের জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সহায়তা করবে।

শরীফ হাসনাত জানান, সাধারণত সৌদি আরব থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে জাহাজের ১৪ থেকে ১৫ দিন সময় লাগে। আশা করছি ক্রুড ওয়েলবাহী জাহাজ আসার ফলে রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি ঘিরে অনিশ্চয়তা দূর হবে।

তিনি আরও জানান, “নর্ডিক পোলাক্স” নামে আরেকটি জাহাজ ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে এখনও হরমুজ প্রণালিতে আটকে আছে। জাহাজটি বর্তমানে সৌদি আরবের রাস তানুরা বন্দরে অবস্থান করলেও ইরানের বিশেষ ছাড়পত্র না পাওয়ায় এটি বাংলাদেশে আসতে পারছে না।

প্রসঙ্গত, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে বছরে প্রায় ৭২ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে। এর মধ্যে বিপিসি আমদানি করে ৯২%। বাকি ৮% স্থানীয় উৎস থেকে পাওয়া যায়।

এর মধ্যে, ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) প্রতিবছর ১৫ লাখ টন ক্রুড ওয়েল শোধন করে, যা দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ২০% পূরণ করে।

   

About

Popular Links

x