Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সংরক্ষিত নারী আসনে স্ত্রীর মনোনয়ন নিয়ে যা বললেন সাংবাদিক জিল্লুর

স্ত্রীর কারণে পেশাগত কাজে তার অবস্থানের কোনো পরিবর্তন হবে না বলেও জানান তিনি

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পিএম

সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নের তালিকায় ফাহমিদা হকের নাম দেখার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা৷ তিনি কখনো বিএনপিতে কোনোভাবে যুক্ত ছিলেন কি না, তা নিয়ে যেমন উঠেছে প্রশ্ন; তেমনি তার স্বামী টক শো উপস্থাপক জিল্লুর রহমানকে নিয়েও আলোচনা কম হচ্ছে না।

এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন জিল্লুর রহমান৷ফাহমিদা হকের সংসদ সদস্য হওয়ার যোগ্যতার ক্ষেত্রগুলো তুলে ধরার পাশাপাশি তিনি দাবি করেন, স্ত্রীর কারণে পেশাগত কাজে তার অবস্থানের কোনো পরিবর্তন হবে না৷

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নিজেদের পাওয়া ৩৬টি আসনে মনোনীত ব্যক্তিদের নাম গতকাল সোমবার প্রকাশ করে ক্ষমতাসীন দল বিএনপি৷

দৈনিক প্রথম আলোর খবর অনুযায়ী, মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তৃতীয় মাত্রার উপস্থাপক ও সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের সভাপতি জিল্লুর রহমান৷ তিনি বলেন, অনেকেই তার প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন বলে তিনি নিজের কথা জানানো প্রয়োজন মনে করছেন৷

ফাহমিদার মনোনয়ন পাওয়া নিয়ে প্রশ্ন ওঠার প্রেক্ষাপটে জিল্লুর রহমান বলেন, ‘‘ফাহমিদার জনসম্পৃক্ততা আজকের বিষয় নয়৷ দীর্ঘদিন ধরেই তিনি লেখালেখি, সামাজিক উদ্যোগ এবং নীতিনির্ধারণসংক্রান্ত আলোচনায় যুক্ত আছেন৷''

‘‘তিনি দেশজুড়ে বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করেছেন, নানা সামাজিক বাস্তবতার মুখোমুখি হয়েছেন এবং তার লেখার মাধ্যমে জনপরিসরের আলোচনায় অংশ নিয়েছেন৷ এসব অভিজ্ঞতার মধ্য দিয়েই তাঁর রাজনীতি ও জনজীবনের প্রতি আগ্রহ ধীরে ধীরে বিকশিত হয়েছে৷''

ফাহমিদা তার দীর্ঘদিনের সামাজিক ও জনসম্পৃক্ততার ধারাবাহিকতায় সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন বলে দাবি করেন জিল্লুর রহমান আশা প্রকাশ করেন, ফাহমিদা বাংলাদেশের সংসদীয় কার্যক্রম ও গণতান্ত্রিক আলোচনায় ইতিবাচক অবদান রাখবেন৷
স্ত্রী একটি দল থেকে সংসদ সদস্য হলে তার পেশাগত কাজ বিঘ্নিত হবে না, এমন প্রতিশ্রুতি দিয়ে জিল্লুর রহমান বলেন, ‘‘আমার পেশাগত জীবন—একজন সাংবাদিক, কলামিস্ট, টক শো উপস্থাপক এবং একটি নীতি গবেষণাপ্রতিষ্ঠানের প্রধান হিসেবে দীর্ঘ কয়েক দশকের স্বাধীন পেশাগত কাজের মধ্য দিয়ে গড়ে উঠেছে৷ সেই পেশাগত দায়িত্ব ও অবস্থান অপরিবর্তিত থাকবে৷''

দুজন এক সংসারের হলেও তাদের নিজ নিজ কাজে কোনো ব্যাঘাত ঘটবে না বলে মনে করেন জিল্লুর রহমান৷ তিনি বলেন, ‘‘গণতন্ত্রে একই পরিবারের মানুষ ভিন্ন ভিন্ন জনভূমিকা পালন করতে পারেন, কিন্তু পেশাগত সততা সব সময় স্বাধীন থাকতে হবে৷''

 

   

About

Popular Links

x