ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর সেতু দিয়ে যান চলাচল শুক্রবার (২৪ এপ্রিল) থেকে টানা তিন দিনের জন্য সাময়িকভাবে বন্ধ থাকবে। সেতুর জরুরি মেরামত কাজের জন্য যান চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মিনহাজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের কুশিয়ারা নদীর ওপর অবস্থিত শেরপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্ল্যাব মেরামতের কাজ আগামী ২৪ এপ্রিল সকাল ৮টা থেকে ২৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত চলমান থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ এপ্রিল (শুক্রবার) সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত এক লেনে যান চলাচল করবে। তবে ওই দিন রাত ১১টা থেকে ২৫ এপ্রিল (শনিবার) সকাল ৯টা পর্যন্ত সেতুর ওপর দিয়ে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
এছাড়া, ২৫ এপ্রিল সকাল ৯টা থেকে ২৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সেতুর এক লেনে সীমিতভাবে যান চলাচল করবে। মেরামত কাজ শেষে ২৬ এপ্রিল (রবিবার) সকাল ৮টার পর সেতুটি পুনরায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
এদিকে, সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকাকালীন বিকল্প পথ ব্যবহারের আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। মহাসড়কে চলাচলকারী শায়েস্তাগঞ্জ-শেরপুর-সিলেট রুটের যানবাহনের জন্য শায়েস্তাগঞ্জ-মিরপুর (বাহুবল)-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।
এ ছাড়াও শেরপুর (মৌলভীবাজার)-সিলেট রুটের যানবাহনের জন্য মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক এবং ঢাকা-সিলেট-সুনামগঞ্জ রুটের যানবাহনের জন্য নবীগঞ্জের সৈয়দপুর বাজার-রানীগঞ্জ-জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।



