Sunday, June 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাসের ভাড়া প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা

নগর পরিবহনের বাস ভাড়া বেড়েছে ৪.৫% আর দূরপাল্লার ভাড়া ৫.১%

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পিএম

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে দেশে ডিজেলের দাম বাড়ানোর পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়লো। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২.৪২ টাকা থেকে বেড়ে হয়েছে ২.৫৩ টাকা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সচিবালয়ে নতুন এই ভাড়ার হার ঘোষণা করেন।

তিনি বলেন, “ন্যূনতম ভাড়া ৮ টাকা ও ১০ টাকা যা ছিল, তা অপরিবর্তিত থাকবে। বাড়ানো হবে না। এই সিদ্ধান্ত বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে।”

অন্যদিকে, দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে ২.১২ টাকা থেকে বেড়ে ২.২৩ টাকা হয়েছে।

আর ঢাকা ট্রান্সপোর্ট করপোরেশন (ডিটিসি) এলাকায় (ঢাকার আশপাশে) প্রতি কিলোমিটার বাস ভাড়া ২.৩২ টাকা থেকে বেড়ে ২.৪৩ টাকা হয়েছে।

এই হিসেবে নগর পরিবহনের ভাড়া ৪.৫% এবং দূরপাল্লার বাস ভাড়া ৫.১% বাড়লো।

শেখ রবিউল আলম বলেন, “ডিজেলচালিত যানবাহনের ক্ষেত্রে এই ভাড়া কার্যকর হবে। চট্রগ্রাম, আন্তঃজেলা ও মহানগর সকল ক্ষেত্রেই প্রতি কিলোমিটারে ১১ পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে। একইসঙ্গে ডিটিসি (ঢাকা ট্রান্সপোর্ট করপোরেশন) এলাকাতেও এই ভাড়া বৃদ্ধির হার প্রযোজ্য হবে।”

তিনি বলেন, “তেলের দাম বাড়া-কমার সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া নির্ধারণের একটি নির্দিষ্ট ফর্মুলা আগে থেকেই রয়েছে। সেই ফর্মুলা অনুসারেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

মন্ত্রী জানান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) প্রজ্ঞাপন জারি করে এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেবে।

   

About

Popular Links

x