Friday, October 30, 2026

সেকশন

English
Dhaka Tribune

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট লাগানোর সময় বাড়লো

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ নভেম্বরের পরিবর্তে ৩১ ডিসেম্বরের মধ্যে নম্বরপ্লেট লাগাতে হবে

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ১০:০৪ এএম

মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ নভেম্বরের পরিবর্তে ৩১ ডিসেম্বরের মধ্যে নম্বরপ্লেট লাগাতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে বিপুলসংখ্যক মোটরসাইকেলে নম্বরপ্লেট লাগানোর ক্ষেত্রে বাস্তব সমস্যার কথা বিবেচনা করে সময় বাড়ানো হয়েছে বলে এক ফেসবুক পোস্টে জানিয়েছে বিআরটিএ।

বিআরটিএর তথ্য অনুযায়ী, দেশে প্রায় ৫০ লাখ মোটরসাইকেল নিবন্ধিত রয়েছে। নিবন্ধিত মোট ৬৮ লাখ যানবাহনের প্রায় ৭৪% মোটরসাইকেল।

এর আগে ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগিয়ে প্রদর্শনের নির্দেশ দিয়েছিল বিআরটিএ। নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা নেওয়ারও সতর্কতা দেওয়া হয়েছিল।

নির্দেশনা অনুযায়ী, মোটরসাইকেলের মালিকদের নিজ উদ্যোগে নম্বরপ্লেট তৈরি করে লাগাতে হবে। স্কুটারের নম্বরপ্লেটের মাপ হবে ২০০ মিলিমিটার বাই ১০০ মিলিমিটার। আর মোটরসাইকেলের নম্বরপ্লেটের মাপ হবে ২৮৫ মিলিমিটার বাই ৫০ মিলিমিটার। প্লেটে বাংলা অক্ষর ও সংখ্যা অন্তত ২০ মিলিমিটার আকারের হতে হবে।

নম্বরপ্লেট স্টেইনলেস স্টিল বা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। সাদা পটভূমিতে কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যা ব্যবহার করতে হবে। এতে কোনো ধরনের নকশা বা সাজসজ্জা করা যাবে না।

বর্তমান সড়ক পরিবহন আইন অনুযায়ী, মোটরসাইকেলের পেছনে বিআরটিএ অনুমোদিত রেডিও ফ্রিকোয়েন্সি শনাক্তকরণ (আরএফআইডি) প্রযুক্তিসংবলিত রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক।

   

About

Popular Links

x