রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ডুবে প্রাণ হারিয়েছে মো. আব্দুল্লাহ (১০) নামে এক শিশু।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে শহরের পাবলিক হেলথ এলাকায় বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায় সে।
আব্দুল্লাহ শহরের হ্যাপীর মোড় এলাকার বাসিন্দা। পরিবারের অজান্তেই সে বন্ধুদের সঙ্গে হ্রদে গোসল করতে গিয়েছিল বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, পানিতে নামার কিছুক্ষণ পরই হঠাৎ তলিয়ে যায় আব্দুল্লাহ। সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে তাদের চিৎকারে আশপাশের জেলে ও স্থানীয় যুবকেরা ছুটে এসে অনেক চেষ্টার পর তাকে উদ্ধার করা হয়।
গুরুতর অবস্থায় দ্রুত রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. শওকত আকবর জানান, কাপ্তাই হ্রদে পানিতে দীর্ঘক্ষণ ডুবে থাকার কারণে শ্বাস বন্ধ হয়ে ছেলেটির মৃত্যু হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।



