Saturday, June 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডিপফেক দিয়ে ভুয়া বিজ্ঞাপন: চক্রের ১০ সদস্য গ্রেপ্তার

পরিচিত ব্যক্তিদের মুখ ও কণ্ঠ নকল করে যৌন উত্তেজক ওষুধ বিক্রির প্রতারকচক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ

 

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পিএম

ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার করে মানুষকে প্রতারণার এক নতুন কৌশল সামনে এসেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ও ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে দেশের পরিচিত ব্যক্তিদের নামে ভুয়া বিজ্ঞাপন তৈরি করে পণ্য বিক্রির সঙ্গে জড়িত একটি চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার কৃত ব্যক্তিরা হলেন মো. সারাফাত হোসেন, সাফায়েত হোসেন শুভ, তৌকি তাজওয়ার ইলহাম, তাকিবুল হাসান, আব্দুল্লাহ আল ফাহিম, মিনহাজুর রহমান শাহেদ, শাহামান তৌফিক, ইমন হোসেন বিজয়, অমিদ হাসান এবং মো. ইমরান।

পুলিশ জানায়, ২৩ এপ্রিল রাতে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকার শেরশাহ কলোনিতে অভিযান চালিয়ে প্রথমে ৯ জনকে আটক করা হয়। পরদিন রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আরেকজনকে।

তদন্তে জানা যায়, চক্রটি দীর্ঘদিন ধরে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ভুয়া ভিডিও প্রচার করছিল। এসব ভিডিওতে এমনভাবে পরিচিত ব্যক্তিদের কণ্ঠ ও চেহারা ব্যবহার করা হতো, যাতে মনে হয় তারা নিজেরাই পণ্যের প্রচার করছেন।

এই প্রতারণার শিকার হন ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি নিজের নামে ছড়ানো একটি ভুয়া ভিডিও দেখতে পেয়ে বিষয়টি নিয়ে ফেসবুকে সতর্কতা দেন। পরে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি এবং পরবর্তীতে মামলা দায়ের করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, চক্রটি শুধু আজহারীই নয়, বরং ডা. তাসনিম জারা এবং ডা. জাহাঙ্গীর কবির সহ পরিচিত ব্যক্তিদের কণ্ঠ ও চেহারা নকল করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে। এর মাধ্যমে তারা সাধারণ মানুষের বিশ্বাসকে কাজে লাগিয়ে অবৈধভাবে অর্থ উপার্জন করছিল, একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছিল ভুক্তভোগীদের সুনাম।

অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১১টি ল্যাপটপ, ৪৭টি স্মার্টফোন, ২১টি সিমকার্ড, ২টি পেনড্রাইভ এবং বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা সংঘবদ্ধ প্রতারণা চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

   

About

Popular Links

x