দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় আগামী চার দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রবিবার (২৬ এপ্রিল) আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
ভারী বৃষ্টির ফলে এসব অঞ্চলের নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা এবং নদ-নদীর পানি বেড়ে বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড।
আবহাওয়া অফিসের সকাল ৯টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এসব মেঘমালার প্রভাবে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টির কারণে হাওর অঞ্চলে আগাম বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে ফসলহানি এড়াতে হাওর অঞ্চলের কৃষকদের দ্রুত ধান কেটে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে নিচু এলাকার আধাপাকা ধান দ্রুত ঘরে তোলার নির্দেশনা দিয়েছে স্থানীয় কৃষি বিভাগও।
বৃষ্টির প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে কিছু এলাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। আকাশ মেঘলা থাকার পাশাপাশি ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।



