দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সম্ভাব্য জঙ্গি হামলার বিষয়ে গোয়েন্দা সতর্কতার পরিপ্রেক্ষিতে দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ঘিরে কড়া নজরদারি শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সোমবার (২৭ এপ্রিল ) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বর্তমান চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এই বিশেষ নিরাপত্তা সতর্কতার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে একটি বিশেষ চিঠির মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার আশঙ্কার কথা জানানো হয়। ওই সতর্কবার্তা পাওয়ার পরপরই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ উচ্চমাত্রার সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করে। বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সব ইউনিটকে বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে।
বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পোশাকে ও সাদা পোশাকে অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজন গতিবিধি পর্যবেক্ষণে গোয়েন্দা নজরদারি কয়েক গুণ বাড়ানো হয়েছে। প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে তল্লাশি ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
বেবিচক চেয়ারম্যান মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক জানান, সব ধরনের নিরাপত্তা হুমকি বিবেচনা করে পূর্ণাঙ্গ সুরক্ষাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম বজায় রেখে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিট সমন্বিতভাবে কাজ করছে। যাত্রী ও সংশ্লিষ্টদের আতঙ্কিত না হয়ে নিরাপত্তাকর্মীদের সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।



