Wednesday, June 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাটি চাপা দেওয়া সেই বন্যহাতির মাংস রাতে চুরির চেষ্টা

স্থানীয়দের অভিযোগ, দুর্বৃত্তরা সুযোগ নিয়ে হাতিটির শুঁড় ও পায়ের অংশ কেটে নিয়ে যায় 

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৬:২০ পিএম

রাঙ্গামাটির লংগদু উপজেলায় মাটি চাপা দেওয়া বন্য হাতির মাংস ও হাড় চুরির চেষ্টার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়।

স্থানীয়দের অভিযোগ, ঘটনাস্থলে পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় সুযোগ নিয়ে দুর্বৃত্তরা হাতিটির শুঁড় ও পায়ের অংশ কেটে নিয়ে যায়। 

ঘটনাস্থলে দায়িত্বে থাকা ইমার্জেন্সি রেসপন্স টিমের (ইআরটি) লিডার জয়নাল বলেন, “কোদাল ও দা নিয়ে ২০–২৫ জনের একটি দল রাতে মাংস চুরি করতে আসে। আমাদের প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত তারা পিছু হটতে বাধ্য হয়।”

এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের আশঙ্কা, দুর্গম ও পাহাড়ি এলাকার সুযোগে এ ধরনের অমানবিক ঘটনা আবারও ঘটতে পারে।

বন বিভাগ সংশ্লিষ্টরা জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে বন বিভাগের তত্ত্বাবধানে লংগদু উপজেলায় মৃত অবস্থায় উদ্ধার হওয়া বন্য হাতিটিকে মাটি চাপা দেওয়া হয়।

   

About

Popular Links

x