Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

পটুয়াখালীতে একদিনে বজ্রপাতে মৃত্যু ৪

কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন গ্রামে পৃথক বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয়

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পিএম

পটুয়াখালীতে বজ্রপাতে একদিনে চারজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার কলাপাড়া উপজেলা ও রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন গ্রামে পৃথক ঘটনায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে রাঙ্গাবালীর চরগঙ্গা গ্রামে গরু বাঁধতে গিয়ে বজ্রপাতে নিহত হন সৌরভ মজুমদার (২২)। দুপুরে কলাপাড়ার তারিকাটা গ্রামে ভুট্টাক্ষেতে কাজ করার সময় মারা যান জহির উদ্দিন (২৮)।

একই সময়ে পূর্ব চাকামাইয়া গ্রামে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারান সেতারা বেগম (৫৫)। অপরদিকে শান্তিপুর গ্রামে মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে নিহত হন খালেক হাওলাদার (৫৫)।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, নিহতদের বাড়িতে গ্রাম পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হয়েছে।

তবে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, “আজ উপজেলায় তিন জনের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পরবর্তী সময়ে কী ধরনের সহায়তা দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে বজ্রপাতের ঘটনায় শুধু মানুষের প্রাণহানিই নয়, গবাদিপশুরও ব্যাপক ক্ষতি হয়েছে। দুই দিনে জেলার বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক গরু মারা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

কলাপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মারুফ বিল্লাহ জানান, ২৮ এপ্রিল পর্যন্ত প্রায় ২৯টি গরুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তবে সব কৃষক এখনো ক্ষতির তথ্য জানাননি, ফলে মৃত গরুর প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

   

About

Popular Links

x