Friday, June 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

এবার র‍্যাবের জালে ‘বোমা বিদ্যুৎ’

বুধবার বিকেলে র‍্যাব-৩-এর একটি দল তাকে হেফাজতে নেয়

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পিএম

রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে হত্যা ও হত্যাচেষ্টাসহ ২৮টি মামলার দুর্ধর্ষ আসামি বিদ্যুৎ মাতবর ওরফে ‘বোমা বিদ্যুৎ’কে (৩৬) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে র‍্যাব-৩-এর একটি দল তাকে হেফাজতে নেয়।

গ্রেপ্তার হওয়া বিদ্যুৎ মাতবর শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মেহের আলী মাতবর কান্দি এলাকার আক্কাস মাতবরের ছেলে। র‍্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার (ইন্ট অ্যান্ড মিডিয়া অফিসার) মেহেদী ইমরান সিদ্দিকী জানান, বিদ্যুতের বিরুদ্ধে বিস্ফোরক আইন, হত্যা ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে মোট ২৮টি মামলা রয়েছে। এর মধ্যে ৪টি মামলায় তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদ্যুৎ মাতবরের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা এবং কামরাঙ্গীরচর থানায় একটি বিস্ফোরক মামলা রয়েছে। এ ছাড়া তাঁর নিজ জেলা শরীয়তপুরের জাজিরা থানায় ২৬টি বিস্ফোরক ও হত্যাচেষ্টার মামলা রয়েছে। দুর্ধর্ষ এই অপরাধী দীর্ঘদিন ধরে ‘বোমা বিদ্যুৎ’ নামে বিভিন্ন এলাকায় পরিচিত ছিলেন।

র‍্যাব জানায়, একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও বিদ্যুৎ দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচয় গোপন করে আত্মগোপনে ছিলেন। পরে র‍্যাব-৩ এর সিপিসি-৩ ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁর অবস্থান শনাক্ত করে। বুধবার বিকেলে মতিঝিলে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বাহিনীটি।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে জানিয়েছে র‍্যাব। অপরাধ দমনে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

   

About

Popular Links

x