জঙ্গল সলিমপুর এলাকায় র্যাবের অস্থায়ী ক্যাম্পে গভীর রাতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় ক্যাম্প লক্ষ্য করে গুলি ছোড়া হয়। বুলডোজার দিয়ে ক্যাম্পের দেয়ালসহ বিভিন্ন অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
একইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে না পারেন, সে জন্য অন্তত চারটি স্থানে রাস্তা কেটে বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
রবিবার (২৪ মে) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাবের দাবি, ‘সন্ত্রাসী’ ইয়াসিন বাহিনীর সদস্যরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।
র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, প্রায় ৩০০ সন্ত্রাসী অতর্কিতে র্যাব ক্যাম্প ঘিরে হামলা চালায়। এ সময় ক্যাম্পে থাকা প্রায় ১৫০ র্যাব ও পুলিশ সদস্য প্রতিরোধ গড়ে তোলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়েন।
তিনি বলেন, “সন্ত্রাসীরা ক্যাম্প লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও পাল্টা ব্যবস্থা নেন।”
তিনি আরও জানান, ঘটনাস্থলে অতিরিক্ত ফোর্স পৌঁছাতে না পারে, সে জন্য বিভিন্ন স্থানে রাস্তা ও কালভার্ট কেটে দেওয়া হয়। তবে নানা প্রতিবন্ধকতার মধ্যেও যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
র্যাব অধিনায়ক বলেন, “এখন পর্যন্ত ২৫ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযানের একপর্যায়ে বেশ কয়েকজন সন্ত্রাসী পালিয়ে যায়।”
তিনি বলেন, “আমাদের সদস্যদের মধ্যে তেমন গুরুতর আহতের ঘটনা নেই।”
এদিকে, র্যাব কর্মকর্তা কামাল হোসেন নিজের ফেসবুক আইডিতে অভিযানের কয়েকটি ভিডিও প্রকাশ করেন।
সোমবার (২৫ মে) ভোরে আপলোড করা ভিডিওগুলোতে দেখা যায়, পাহাড়ি এলাকার বিভিন্ন স্থানে রাস্তা ও কালভার্ট কেটে ফেলা হয়েছে।
ভিডিওতে তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে ভেতরে প্রবেশ করতে না পারে, সে জন্য সন্ত্রাসীরা বিভিন্ন স্থানে রাস্তা কেটে দিয়েছে। তারা মনে করেছিল আমরা থেমে যাব, কিন্তু আমরা অভিযান চালিয়ে গেছি।”
রাস্তা কেটে দেওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িগুলো অনেক দূরে রেখে পায়ে হেঁটে ঘটনাস্থলে যেতে হয়। এতে অভিযানে পৌঁছাতে কিছুটা সময় বিলম্ব হয় বলে জানিয়েছে র্যাব।
এর আগে, এলাকায় স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও র্যাবের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা দেওয়া হয়। এর অংশ হিসেবে আলীনগরে র্যাব একটি ক্যাম্প নির্মাণের কাজ শুরু করে। রবিবার রাতের হামলায় সেই ক্যাম্পের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে র্যাব।
প্রসঙ্গত, চট্টগ্রাম নগরের বায়েজিদ-ফৌজদারহাট সংযোগ সড়ক থেকে পাহাড়ি পথ ধরে জঙ্গল সলিমপুর এলাকায় প্রবেশ করতে হয়। দীর্ঘদিন ধরে প্রায় ৩,১০০ একর খাসজমির এই এলাকা বিভিন্ন ভূমিদস্যু ও সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল। এলাকাটি মূলত ছিন্নমূল ও আলীনগর—এই দুই অংশে বিভক্ত।
গত ৯ মার্চ সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবির প্রায় ৩,২০০ সদস্যের যৌথ অভিযানে জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ নেয় সরকার। ওই অভিযানে ২২ জনকে গ্রেপ্তার করা হলেও ইয়াসিন বাহিনীর প্রধান মো. ইয়াসিন, রোকন বাহিনীর প্রধান রোকন উদ্দিনসহ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী এখনও পলাতক রয়েছেন।



