চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পদ্মা নদীতে ডিঙ্গি নৌকাডুবির ঘটনা ঘটেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নৌকাডুবির পর ভেসে ভারতীয় সীমান্ত এলাকায় চলে যাওয়া ১০ জনকে উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের রাতের মধ্যেই দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি।
নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজির হোসেন জানান, সদর উপজেলার বাখরআলী ঘাট থেকে ডিঙ্গি নৌকায় করে জহরপুর ক্যাম্প ও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকার দিকে ১১ থেকে ১২ জনের একটি দল যাচ্ছিলো। পথে পদ্মা নদীতে নৌকাটি ডুবে যায়।
তিনি বলেন, “নৌকাডুবির পর একজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। বাকি ১০ থেকে ১১ জন ভেসে ভারতীয় সীমান্ত এলাকায় চলে গেলে বিএসএফের খানদহ ক্যাম্পের সদস্যরা তাদের উদ্ধার করেন। বর্তমানে তারা বিএসএফের হেফাজতে রয়েছেন।“
নৌকাটিতে নারী, পুরুষ ও শিশু ছিল বলেও জানান ইউপি চেয়ারম্যান।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, “পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় বিএসএফের খানদহ ক্যাম্পের সদস্যরা ১০ জনকে উদ্ধার করেছেন। এ বিষয়ে বিএসএফের সঙ্গে বিজিবির যোগাযোগ হয়েছে। উদ্ধার ব্যক্তিদের রাতের মধ্যেই দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।“



