সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্রসহ অনুপ্রবেশের অভিযোগে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিছনাকান্দি সীমান্তের ১২৬৩/১ এস পিলারের কাছে দুই দেশের অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক বিএসএফ সদস্যকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে বিছনাকান্দি সীমান্তের প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্রসহ ওই বিএসএফ সদস্যকে দেখতে পায় বিজিবির বিছনাকান্দি বর্ডার আউট পোস্টের (বিওপি) নিয়মিত টহল দল। পরে তাকে আটক করে বিওপিতে নিয়ে আসা হয়।
লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্রসহ অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্যকে আটক করা হয়েছিল। বিষয়টি বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর দুই দেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হয়েছে।



