যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬২ বোতল বিদেশি মদসহ ১৫ লাখ ৪৭ হাজার ৮০০ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত সময়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপি’র টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসমস্ত চোরাচালানী মালামাল আটক করে বিজিবি।
আটককৃত মালামালের মধ্যে রয়েছে-৬২ বোতল বিদেশি মদ, ভারতীয় ১০৩টি শাড়ী, ৯টি কম্বল, ৮টি চাদর, ৫ কেজি জিরা, ৪৬ প্যাকেট ফুসকা, সাড়ে ১৩ কেজি কিসমিস, ৭ প্যাকেট সন পাপড়ী, ৪৯৮টি চকলেট, ১ কেজি আমসত্ত্ব ও ৮২৮টি কসমেটিক্স সামগ্রী।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান ভারতীয় চোরাচালানী পণ্য আটকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জব্দকৃত মাদক ব্যাটালিয়নে ও অন্যান্য মালামাল বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



