জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে দাবি করেছেন। তার এই দাবির পর বিষয়টি নিয়ে সংসদে হাস্যরসের সৃষ্টি হয় এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ নিয়ে রসাত্মক মন্তব্য করেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন।
সংসদে নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে জামায়াতের এই জ্যেষ্ঠ নেতা বলেন, “আমরা এখানে যারা বসে আছি, আমরা কেউ তো রাজাকার ছিলাম না, কেউ তো আল-বদর ছিলাম না। উই আর দ্য লিডারশিপ ইন জামায়াতে ইসলাম। যদি আপনি সেভাবে মুক্তিযুদ্ধের কথা বলেন, আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা।”
নিজের অবদানের ব্যাখ্যা দিয়ে তিনি আরও বলেন, “আমার বাড়ি বর্ডারে। যুদ্ধের সময় যারা ইন্ডিয়াতে মাইগ্রেট হতো, তারা আমাদের উঠোনে এসে আশ্রয় নিতো। আমরা তাদের নাস্তা খাওয়াতাম। আর সেনাবাহিনী টহল দিচ্ছে কি না এটা পাহারা দিতাম, যখন সেনাবাহিনী টহল দূরে থাকত, আমরা তাদেরকে (যারা ইন্ডিয়াতে যেত) গাইড করতাম- তারা যেন ইন্ডিয়া পার হয়ে যেতে পারে।”
তাহেরের এই বক্তব্যের পর আলোচনার সূত্র ধরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “আমি আজকে নতুন করে আবিষ্কার করলাম, আমাদের সংসদ সদস্য আবদুল্লাহ মোহাম্মদ তাহের শিশু মুক্তিযোদ্ধা। তাকে আমি স্বাগতম জানাই।”
স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যে সংসদ সদস্যদের মধ্যে হাসির রোল পড়ে যায়। এ সময় তিনি মৃদু হেসে বলেন, “আমি কাউকে সম্মান প্রদর্শন করতে কসুর করি না মাননীয় স্পিকার।”
বিরোধী দল ও মুক্তিযুদ্ধ প্রসঙ্গে মন্ত্রী আরও যোগ করেন, “আমাদের বিরোধীদলীয় নেতা নিজেকে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান দাবি করেন, সেটা আমার ভালো লাগে। কয়েকজন মুক্তিযোদ্ধাও ওই পাড়ে আছেন।”



