Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

এয়ারক্রাফট কিনতে ৩৭ হাজার কোটি টাকার ঐতিহাসিক চুক্তি সই

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৪টি নতুন উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পিএম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার একটি ঐতিহাসিক চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করেছে। প্রায় ৩৭ হাজার কোটি টাকার এই বিনিয়োগকে দেশের বিমান চলাচল খাতের অন্যতম বৃহৎ ক্রয়চুক্তি হিসেবে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে বিমানের পক্ষ থেকে সই করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এছাড়া বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমি এ. হোসেন এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনও বক্তব্য রাখেন।

বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগি বলেন, “১৪টি উড়োজাহাজ কেনার এই চুক্তি দুই প্রতিষ্ঠানের দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করেছে এবং বিমানকে এমন একটি স্বল্পসংখ্যক এয়ারলাইন্সে পরিণত করেছে। নতুন ৭৮৭-১০ মধ্যপ্রাচ্য রুটে এবং ৭৮৭-৯ ইউরোপ ও উত্তর আমেরিকার দীর্ঘ দূরত্বের রুটে ব্যবহৃত হবে। পাশাপাশি ৪টি ৭৩৭-৮ বিমান যুক্ত হওয়ায় বিমানের স্বল্প দূরত্বের রুট আরও আধুনিক হবে। এসব বিমান প্রায় ২০ শতাংশ বেশি জ্বালানি সাশ্রয়ী এবং যাত্রীদের জন্য উন্নত সুবিধা দেবে।“

জানা যায়, প্রথম উড়োজাহাজটি ২০৩১ সালের অক্টোবর মাসে সরবরাহের সম্ভাবনা রয়েছে এবং পুরো ডেলিভারি সম্পন্ন হতে পারে ২০৩৫ সালের মধ্যে।

প্রতিমন্ত্রী মিল্লাত বলেন, “এটি শুধু বিমান ও বোয়িংয়ের মধ্যে একটি ক্রয়চুক্তি নয়, বরং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি শক্তিশালী অংশীদারিত্ব। নতুন উড়োজাহাজগুলো যুক্ত হলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বৈশ্বিক সক্ষমতা ও সংযোগ বাড়বে।"

   

About

Popular Links

x