রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।
সোমবার (৪ মে) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার পরিচালিত এ অভিযানে তেজগাঁও বিভাগের একাধিক থানার পুলিশ অংশ নেয়।
থানাভিত্তিক তথ্য অনুযায়ী, তেজগাঁও থানা থেকে ১৫ জন, শেরেবাংলা নগর থানা ১০ জন, হাতিরঝিল থানা ৯ জন, আদাবর থানা ৯ জন, মোহাম্মদপুর থানা ২১ জন এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।



