Sunday, June 28, 2026

সেকশন

English
Dhaka Tribune

বরিশালে হানিফ পরিবহনের চাপায় দাদি-নাতনি নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে 

আপডেট : ০৫ মে ২০২৬, ০৮:৫৮ পিএম

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলায় হানিফ পরিবহনের চাপায় পথচারী দাদি ও নাতনি ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার পশ্চিম জয়শ্রী কাজী বাড়ীর সামনে এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

নিহতরা হলেন - ওই গ্রামের মৃত পান্নু কাজীর স্ত্রী রোকসানা ইয়াসমিন (৬৫) ও তার নাতনি সাত বছরের আরফা। 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাস্থল দিয়ে রোকসানা ও তার নাতনি মহাসড়ক পারাপার হওয়ার সময় বেপরোয়া গতিতে যাওয়া হানিফ পরিবহনের একটি বাস তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

ওসি মো. মহসীন হোসেন আরও জানান, খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে।

পাশাপাশি হানিফ পরিবহনের ওই বাসটি আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

   

About

Popular Links

x