Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

জামালপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিন যুবকের মৃত্যুদণ্ড

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন

আপডেট : ০৭ মে ২০২৬, ০৬:৫০ পিএম

জামালপুরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- ইসলামপুর উপজেলার শিপন (২১), ইব্রাহিম (২৭) ও ইউসুফ আলী (২২)। এছাড়াও একই এলাকার সাদিককে খালাস দেয় আদালত। 

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ফজলুল হক জানান, জামালপুরের ইসলামপুর উপজেলার শিলদহ এলাকার ১৬ বছরের এক কিশোরীর সঙ্গে একই এলাকার সাদিকের প্রেমের সম্পর্ক ছিলো। গত ২০২৪ সালের ১৯ এপ্রিল রাতে সাদিক ওই কিশোরীকে বাড়ির পাশের ক্ষেতে ডেকে নিয়ে বিয়ের প্রলোভনে জোরপূর্বক ধর্ষণ করে। 

তিনি আরও জানান, এ সময় আগে থেকেই উৎ পেতে থাকা শিপন, ইব্রাহীম ও ইউসুফ সেখানে উপস্থিত হলে সাদিক দৌড়ে পালিয়ে যায়। বিষয়টি এলাকার লোকজনকে জানিয়ে দিবে এই ভয় দেখিয়ে ওই তিনজন কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণ করে।  

এই ঘটনায় ওই বছর ৫ মে নির্যাতনের শিকার কিশোরীর বাবা বাদী হয়ে সাদিকসহ চার জনকে আসামি করে ইসলামপুর থানায় মামলা করেন। এই মামলায় ৯ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে বৃহস্পতিবার রায় ঘোষণা করেন বিচারক। রায়ে তিন জনকে মৃত্যুদণ্ড ও  প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক ও রোজীনা আক্তার। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ, রাফিউর রহমান ও আজিজুল হক। 

   

About

Popular Links

x