কক্সবাজার সমুদ্রসৈকতের পশ্চিম পাশে বঙ্গোপসাগরের আকাশে শুক্রবার (৮ মে) সন্ধ্যায় ‘মিসাইল’ আকৃতির রহস্যময় এক আলোর ঝলক দেখা গেছে। দ্রুতগতিতে দক্ষিণ দিকে ছুটে যাওয়া ওই আলোকরেখা কয়েক মিনিটের মধ্যে মিলিয়ে যায়। এ দৃশ্য দেখে বিস্মিত হন সৈকতে অবস্থানরত পর্যটক ও স্থানীয় বাসিন্দারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আকাশের এক পাশে বজ্রপাতের মতো আলোকচ্ছটা দেখা যায়। এর কিছুক্ষণ পরই একটি উজ্জ্বল আলোর রেখা দ্রুতগতিতে টেকনাফমুখী দিকে ছুটে যেতে দেখা যায়। অনেক পর্যটক ও স্থানীয় বাসিন্দা মোবাইল ফোনে দৃশ্যটি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। মুহূর্তেই ভিডিওগুলো ভাইরাল হয়ে পড়ে।
সৈকতের পাশাপাশি শহরের বিভিন্ন ভবনের ছাদ থেকেও অনেক মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে।
কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ এম আবদুল হান্নান জানান, বিষয়টি নিয়ে ঢাকার আবহাওয়াবিদদের কাছে ভিডিও ও ছবি পাঠানো হয়েছিল। তাঁদের মতে, এটি আবহাওয়াসংক্রান্ত কোনো ঘটনা নয়।
এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. ওয়াহিদুর রহমান বলেন, “বঙ্গোপসাগরের ওপর দিয়ে ছুটে যাওয়া আলোর ঝলক সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে এটি মিসাইলের মতো মনে হলেও এর প্রকৃতি বা উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।”



