Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাইকার ও ড্রাইভারদের জন্য জরুরি সতর্কতা জারি

রাজধানীর সড়কে বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে গেছে ঢাকা মহানগর পুলিশ

আপডেট : ১১ মে ২০২৬, ০৪:৫২ পিএম

রাজধানীর সড়কে বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে গেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এখন থেকে ট্রাফিক আইন অমান্য করলে চালকদের কেবল জরিমানাই গুনতে হবে না, বরং হারাতে হবে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট। নতুন ‘ডিমেরিট পয়েন্ট’ পদ্ধতিতে ১৩ ধরনের সুনির্দিষ্ট অপরাধের জন্য পয়েন্ট কাটা হচ্ছে। এই প্রক্রিয়ায় কোনো চালক মোট ১২ পয়েন্ট হারাল তার লাইসেন্সটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

ডিএমপি ট্রাফিক বিভাগ জানিয়েছে, আপাতত চার চাকার যানবাহনের ক্ষেত্রে এই নিয়ম প্রয়োগ করা হচ্ছে। আগে ট্রাফিক আইন ভাঙলে মামলা বা জরিমানা হতো গাড়ির রেজিস্ট্রেশনের বিপরীতে, যা সাধারণত মালিকপক্ষ পরিশোধ করতেন। কিন্তু নতুন ব্যবস্থায় আইন ভঙ্গের দায় সরাসরি চালকের ওপর বর্তাচ্ছে। রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে কঠোর নজরদারি চালাচ্ছে পুলিশ এবং অটো মামলা ব্যবস্থার মাধ্যমে প্রতিটি অপরাধের তথ্য চালকের লাইসেন্সে পয়েন্ট আকারে যুক্ত করা হচ্ছে।

ডিএমপির তথ্যমতে, গত দুই মাসে এক হাজারেরও বেশি চালক এই পদ্ধতিতে পয়েন্ট হারিয়েছেন। তবে নিয়ম মেনে চললে পয়েন্ট পুনরুদ্ধারের সুযোগও রাখা হয়েছে। যদি কোনো চালক পয়েন্ট হারানোর পরবর্তী ছয় মাস কোনো ট্রাফিক আইন ভঙ্গ না করেন, তবে তাঁর লাইসেন্সে পুনরায় ২ পয়েন্ট যুক্ত করা হবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান বলেন, “জরিমানা বা শাস্তি দেওয়া আমাদের মূল লক্ষ্য নয়; বরং চালকদের মধ্যে সচেতনতা তৈরি করাই এই পদ্ধতির মূল উদ্দেশ্য।”

বাস্তব চিত্র বলছে, রাজধানীর অনেক চালকই এখনও এই ডিমেরিট পয়েন্ট ব্যবস্থা সম্পর্কে পরিষ্কার ধারণা রাখেন না। অনেকে মামলার শিকার হলেও পয়েন্ট কাটার বিষয়টি নিয়ে অন্ধকারে রয়েছেন।

অন্যদিকে, সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞরা এই উদ্যোগকে স্বাগত জানালেও এর কার্যকর বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন। রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, “শুধু আইন করলেই হবে না, সড়ক ব্যবস্থাকে লেনভিত্তিক করা এবং চালকদের বাধ্যতামূলক প্রশিক্ষণের আওতায় আনা জরুরি। যেহেতু অধিকাংশ চালকই অপ্রাতিষ্ঠানিকভাবে দক্ষ হন, তাই তাদের সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি।”

   

About

Popular Links

x