Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

গাজীপুরে পোশাক কারখানার ৫০ শ্রমিক হঠাৎ অসুস্থ

অসুস্থ পোশাকশ্রমিকদের অনেকেরই মাথা ঘোরা ও বমির সমস্যা দেখা দিয়েছে

আপডেট : ১১ মে ২০২৬, ০৪:৩২ পিএম

গাজীপুরে প্যান এশিয়া ক্লদিং নামের একটি পোশাক কারখানার অর্ধশতাধিক শ্রমিক একসঙ্গে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের অনেকেরই মাথা ঘোরা ও বমির সমস্যা দেখা দিয়েছে। কারখানায় প্রায় ২ হাজার ২০০ শ্রমিক কর্মরত রয়েছেন।

সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে মহানগরীর ভোগড়া (চৌধুরী বাড়ি) এলাকার ওই কারখানার শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েন। পরে কারখানা কর্তৃপক্ষ একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে।

শ্রমিক সোহেল, মারুফা ও একরামুল জানান, শ্রমিকরা সকালে কাজে যোগ দেন। সকাল ১০টার দিকে হঠাৎ করে কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত আরও ৫০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে কারখানা কর্তৃপক্ষের সহযোগিতায় স্থানীয় তায়েরুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতাল এবং গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়। তাদের মধ্যে বেশিরভাগ শ্রমিক প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেলেও ১৫ জন এখনও ওই দুই হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকরা জানিয়েছেন ভর্তি হওয়া শ্রমিকরা সবাই আশঙ্কামুক্ত।

বাংলাদেশে প্যান এশিয়া ক্লদিং লিমিটেড (পোশাক) কারখানার উর্ধ্বতন নির্বাহী হারুন-অর রশিদ বলেন, “সকালে কাজে যোগ দেওয়ার ঘণ্টা দুয়েক পর হঠাৎ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে মোট অর্ধশতাধিক শ্রমিক মাথা ঘুরে পড়ে যান। অসুস্থ ৪০ জন শ্রমিককে তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।”

গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান বলেন, “শ্রমিকরা মনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের অনেকেরই মাথা ঘোরা ও বমির সমস্যা দেখা যাচ্ছে।”

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসেন জানান, হাসপাতাল পরিদর্শন করে রোগীদের খবর নিয়েছি। এখন পর্যন্ত দুটি হাসপাতালে ৫৫ জনের মতো ভর্তি হওয়ার খবর পেয়েছি। চিকিৎসকরা এটিকে ম্যাস হিস্টিরিয়া বা ম্যাস সাইকোজেনিক ডিজিজ বলে জানিয়েছেন চিকিৎসকরা। সবাই আশঙ্কামুক্ত আছেন। তাদের মধ্যে অনেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

   

About

Popular Links

x