জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার স্থানীয় একটি বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে স্কুল ড্রেস পরে মসজিদে টিকটিক ভিডিও বানানোর অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১১ মে) বিকালে স্থানীয় একটি বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
বহিষ্কৃত ওই শিক্ষার্থী বকশিগঞ্জ উপজেলার মেরুর চর ইউনিয়নের বাসিন্দা। সে বিদ্যালয়টির নবম শ্রেণির শিক্ষার্থী।
কিছুদিন আগে স্কুল ড্রেস পরা অবস্থায় একটি মসজিদে গিয়ে গানের সঙ্গে নেচে টিকটক ভিডিও বানায় ওই শিক্ষার্থী। পরে সেই ভিডিওটি টিকটকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
বিদ্যালয়টির পক্ষ থেকে বলা হচ্ছে, বিদ্যালয়ের ঐতিহ্য রক্ষা এবং ভবিষ্যতে অন্য শিক্ষার্থীরা যেন এ ধরনের কর্মকাণ্ডে জড়াতে সাহস না পায়, সে কারণে তাকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।
ওই শিক্ষার্থীর বাবা বলেন, “আমার মেয়ে নবম শ্রেণিতে পড়ে। না বুঝে না হয় একটা ভুল করেই ফেলেছে। তারজন্য স্কুল থেকে বের করে দেওয়াটা উচিত হয়নি। এটা আমার মেয়ের জীবনে একটা কলঙ্ক লেগে গেলো।”
বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক বলেন, “আমরা চাই আমাদের শিক্ষার্থীরা আদর্শ মানুষ হিসেবে বেড়ে উঠুক। বিদ্যালয়ের সুনাম এবং সুন্দর পরিবেশ রক্ষার দায়বদ্ধতা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে অন্য শিক্ষার্থীরা নিয়মকানুন মেনে চলে নিজেদের নৈতিকতাকে আরও সমৃদ্ধ করবে।”
এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল হোসেন বলেন, “ওই শিক্ষার্থীকে বহিষ্কার করার বিষয়টি আমাকে ওই বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়নি। আমি ফেসবুকে দেখেছি। শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা ঠিক হয়নি। আমি মনে করি তাকে বোঝানোর উচিত ছিলো। এ বিষয়ে আমাদের এখনও কেউ অভিযোগ দেয়নি অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেবো।”



