ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বিকল কাভার্ডভ্যানের পেছনে পিকআপের ধাক্কায় চালক ও তার সহকারী নিহত হয়েছেন।
বুধবার (১৪ মে) দিবাগত রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে উপজেলার পুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পিকআপচালক প্রবীর রায় (৩৬) এবং তার সহকারী জুয়েল (১৭)। প্রবীর রায় লালমনিরহাট সদর উপজেলার বৈরাগী কুমার এলাকার বাসিন্দা। জুয়েল কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারিঝার এলাকার বাসিন্দা।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকামুখী লেনে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিক থেকে আসা ঢাকাগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হন।
খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালান। পরে তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে পিকআপের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



