কক্সবাজারের উখিয়া উপজেলায় ফেসবুক স্ট্যাটাসে হা-হা রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ মে) রাত ৮টার দিকে রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, স্থানীয় এক ছাত্রদল নেতার ফেসবুক স্ট্যাটাসে হা-হা রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে নতুন করে বিরোধের সূত্রপাত হলে প্রথমে এক যুবককে মারধর করা হয়। পরে তাকে বাঁচাতে গেলে আরও কয়েকজন আহত হন।
একপর্যায়ে আহতদের ভেতর নিজের সন্তানকে বাঁচাতে এগিয়ে যান ছৈয়দা বেগম নামে এক নারী। পরে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
ঘটনার পর ভুক্তভোগী নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অভিযুক্তরা বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত।
তবে অভিযুক্তরা সংবাদসম্মেলন করে ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত বলে দাবি করেছেন।
উখিয়া থানার পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং প্রকৃত ঘটনা উদঘাটনে কাজ চলছে।



