Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্বাস্থ্যমন্ত্রী: বিগত সরকারের সময়ে হামের টিকা ও ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন হয়নি 

হামের প্রাদুর্ভাব অতিমাত্রায় বেড়ে যাওয়ার কারণ হিসেবে মন্ত্রী মায়েদের পুষ্টিহীনতাকে দায়ী করেন

আপডেট : ১৭ মে ২০২৬, ০৬:৪৪ পিএম

বিগত সরকারের সময়ে শুধু হামের টিকা নয়, শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ‘ক্যাম্পেইনিং’ হয়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। 

রবিবার (১৭ মে) দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে এ মন্তব্য করেন। 

চলতি বছরের শুরু থেকে দেশে হামের প্রকোপ দেখা দেয়। সরকারের স্বাস্থ্য অধিদপ্তর গেল ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৬৩ দিনে সারাদেশে হাম ও এই রোগের উপসর্গ নিয়ে ৪৫৯ শিশুর মারা গেছে বলে জানিয়েছে। 

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সরকারের কাছে ‘সামান্য কিছু’ ভিটামিন ‘এ’ ক্যাপসুল মজুদ আছে। কয়েকদিনের মধ্যে প্রায় এক কোটি ক্যাপসুল হাতে আসবে। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “প্রত্যেক বছর দুইবার ভিটামিন এ ক্যাম্পেইনিং করার কথা। গত বছরের প্রথমার্ধে একটা ভিটামিন এ ক্যাম্পেইনিং হয়েছিল। তারপরে কোনো ক্যাম্পেইনিং হয় নাই এবং ভিটামিন ‘এ’ নাই। সামান্য কিছু ভিটামিন ‘এ’ আমাদের কাছে আছে, যেটা আমরা কিছু কিছু করে ভাগ করে দিচ্ছি…ভিটামিন ‘এ’ একেবারে অপ্রতুল।” 

টিকা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “পরনির্ভরশীল ভ্যাকসিন, আজকে যদি বিদেশিরা না দেয়, একটা ভ্যাকসিন আমরা দিতে পারব না।” 

এসময় তিনি বাংলাদেশের টিকা তৈরির সক্ষমতা না থাকার বিষয়টি তুলে ধরেন।  সরদার সাখাওয়াত বলেন, “ইনশাআল্লাহ আমরা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি মুন্সিগঞ্জে আমাদের ভ্যাকসিন ইউনিটটা করার জন্য। সব ভ্যাকসিন আমরা প্রডিউস করব আশা করি, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি কয়েক বছরের মধ্যে। কিন্তু ওই সময় পর্যন্ত আমাদেরকে অন্যের উপর নির্ভর করতে হবে।” 

চলতি মৌসুমে হামের প্রাদুর্ভাব অতিমাত্রায় বেড়ে যাওয়ার কারণ হিসেবে মন্ত্রী মায়েদের পুষ্টিহীনতাকে দায়ী করেন। 

মন্ত্রী জানান, তিনি বেশকিছু হাসপাতালে পরিদর্শন করে জেনেছেন, অনেক মা শিশুদের বুকের দুধ খাওয়ানোর পর্যায়ে নেই। তিনি মায়েদের পুষ্টি নিশ্চিতে জোর দেন। 

মন্ত্রী বলেন, “বর্তমান প্রেক্ষাপটে মায়েদের পুষ্টি ও সন্তানের প্রতি দায়িত্ববোধ বৃদ্ধি করতে পারলে অনেক ব্যাধি থেকেই মুক্ত থাকা সম্ভব।” 

ড্যাবের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মো. আবুল কেনানের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য ডা. আবদুস সালাম, ড্যাবের মহাসচিব জহিরুল ইসলাম শাকিল প্রমুখ। 

   

About

Popular Links

x