ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ দেশে পৌঁছেছে।
রবিবার (১৭ মে) বিকেলে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে চেন্নাই থেকে তার মরদেহ ঢাকায় আনা হয়।
জানা গেছে, মানবিক উদ্যোগ হিসেবে বিনা খরচে কারিনার মরদেহ দেশে আনার ব্যবস্থা করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
প্রথমে অন্য একটি এয়ারলাইনসের মাধ্যমে মরদেহ আনার চেষ্টা করা হলেও সেটি সম্ভব হয়নি। পরে ইউএস-বাংলা কর্তৃপক্ষ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার মাগরিবের নামাজের পর রাজধানীর বনানীর ডিওএইচএস মাঠে কারিনার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ এশা বনানী দরবার শরিফে দ্বিতীয় জানাজা হবে। রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে তার মরদেহ। আগামীকাল সোমবার ফজরের পর মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে তাকে দাফন করা হবে।
লিভার-সংক্রান্ত জটিলতায় কয়েক দিন ধরে সংকটাপন্ন ছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে।
পরে, উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ মে মারা যান তিনি।



