Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে কমিশনার পদে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে

আপডেট : ১৭ মে ২০২৬, ০৭:৫৭ পিএম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোসলেহ উদ্দিন আহমদকে নিয়োগ দিয়েছে সরকার। 

রবিবার (১৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে কমিশনার পদে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে। 
 
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে ডিএমপি কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

এর আগে, গত ১৬ মার্চ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পান মোসলেহ উদ্দিন আহমদ। পরে, ২৫ মার্চ এই দায়িত্বভার গ্রহণ করেছিলেন তিনি। 

মোসলেহ উদ্দিন আহমদ ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন। সিআইডিতে নিয়োগ পাওয়ার আগে তিনি পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন ডিরেক্টরেটের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। 

এ ছাড়াও তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি) দায়িত্ব পালন করেছেন। 

কুষ্টিয়া, ভোলা ও শেরপুরসহ বেশ কয়েকটি জেলায় পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেছেন মোসলেহ উদ্দিন আহমদ। 

পেশাগত জীবনে জাতিসংঘের আফ্রিকান ইউনিয়ন-ইউনাইটেড নেশনস হাইব্রিড অপারেশন ইন দারফুর-এ পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

   

About

Popular Links

x