Sunday, July 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম জারি

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে

আপডেট : ১৯ মে ২০২৬, ০৬:২০ পিএম

বাংলাদেশ, পাকিস্তান অথবা আফগানিস্তান থেকে ভারতে গিয়ে যারা দেশটির নাগরিকত্ব পেতে চান, তাদের জন্য পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে নতুন নিয়ম চালু করেছে ভারত সরকার। এখন থেকে নাগরিকত্বের আবেদন করার সময় আবেদনকারীকে নিজ দেশের পাসপোর্টের সর্বশেষ অবস্থা স্পষ্ট করে জানাতে হবে এবং এই সংক্রান্ত একটি লিখিত ঘোষণাপত্র বা ডিক্লারেশন জমা দিতে হবে। ২০০৯ সালের নাগরিকত্ব বিধি সংশোধন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রনালয় এই সংক্রান্ত একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে।

মঙ্গলবার (১৯ মে) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

নতুন এই সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারতের নাগরিক হতে চাওয়া কোনো বাংলাদেশি, পাকিস্তানি বা আফগান নাগরিকের কাছে নিজের দেশের কোনো বৈধ কিংবা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট অবৈধভাবে থাকা চলবে না। যদি কোনো আবেদনকারীর কাছে বর্তমানে বৈধ পাসপোর্ট থাকে, তবে আবেদন করার সময়ই তাকে সেই পাসপোর্টের নম্বর, পাসপোর্টটি কবে ইস্যু বা জারি করা হয়েছিল এবং সেটির মেয়াদ কত দিন পর্যন্ত আছে-তার সমস্ত বিস্তারিত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে জমা দিতে হবে।

এর পাশাপাশি আবেদনকারীকে লিখিত আকারে এই মর্মে মুচলেকা দিতে হবে যে, ভারতের নাগরিকত্ব পাওয়ার ঠিক ১৫ দিনের মধ্যে তিনি নিজের কাছে থাকা সেই বৈধ কিংবা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টটি ভারতীয় ডাক বিভাগের সংশ্লিষ্ট সিনিয়র সুপারিনটেনডেন্ট বা সুপারিনটেনডেন্টের কাছে বাধ্যতামূলকভাবে জমা দিয়ে দেবেন।

কেন্দ্রীয় সরকার ২০০৯ সালের মূল নাগরিকত্ব বিধিমালা সংশোধন করে তাতে নতুন একটি অনুচ্ছেদ যুক্ত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই নতুন অনুচ্ছেদটি বর্তমান বিধিমালার ‘১সি’ তফসিলের ঠিক পরেই যুক্ত করা হবে।

উল্লেখ্য, ভারতের এই ‘১সি’ তফসিলটি মূলত বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে আশ্রয় নেওয়া এবং নাগরিকত্ব পেতে চাওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের আবেদনকারীদের জন্য প্রযোজ্য। নতুন এই সংশোধনের ফলে এখন থেকে উল্লিখিত তিন দেশের সংখ্যালঘু আবেদনকারীদের নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়াটি পাসপোর্টের এই নতুন আইনি শর্তের অধীনে পরিচালিত হবে।

   

About

Popular Links

x