Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকায় মাদ্রাসা শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠিয়েছে পুলিশ

আপডেট : ২০ মে ২০২৬, ০৭:২৯ পিএম

রাজধানীর রামপুরা বনশ্রী এলাকার একটি মাদরাসার বাথরুম থেকে মো. আব্দুল্লাহ (১০) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই শিশুর শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকলেও পুলিশের প্রাথমিক সুরতহালে তাকে যৌন নির্যাতনের স্পষ্ট আলামত পাওয়া গেছে।

বুধবার (২০ মে) ভোরের দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে রামপুরা থানা পুলিশ। নিহত শিক্ষার্থী আব্দুল্লাহর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম ঘটনার বিবরণ দিয়ে জানান, গতকাল মঙ্গলবার গভীর রাতে বনশ্রীর ‘সি’ ব্লকের তিন নম্বর রোডের ‘আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা’ কর্তৃপক্ষের কাছ থেকে খবর পায় পুলিশ। এরপর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মাদরাসার তিন তলার বাথরুমের ভেতর থেকে গামছা পেঁচানো অবস্থায় আব্দুল্লাহর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

এসআই সাইফুল ইসলাম আরও জানান, নিহত শিশুর শরীরের বাহ্যিক কোথাও কোনো ধরনের জখম বা আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে সুরতহাল করার সময় শিশুটির পায়ুপথে অস্বাভাবিক ও গুরুতর জখমের চিহ্ন লক্ষ্য করা গেছে।

আলামত পর্যালোচনা করে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, বাথরুমে ঝুলিয়ে দেওয়ার আগে শিশুটিকে অত্যন্ত নির্মমভাবে বলাৎকার বা যৌন নির্যাতন করা হয়ে থাকতে পারে। এই পাশবিক নির্যাতন সহ্য করতে না পেরে বা লোকলজ্জার ভয়ে শিশুটি আত্মহত্যার পথ বেছে নিয়েছে, নাকি অপরাধ ঢাকতে তাকে নির্যাতন শেষে শ্বাসরোধে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

রামপুরা থানা পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ এবং মৃত্যুর আগে সে পাশবিক নির্যাতনের শিকার হয়েছিল কি না, তা শতভাগ নিশ্চিত হওয়া যাবে।

   

About

Popular Links

x