টাঙ্গাইলের কালিহাতীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নওগাঁর মান্দা উপজেলার একটি গ্রামের সাতজনসহ মোট ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের মধ্যে কেউ বাবা, কেউ স্বামী, কেউ সন্তান কিংবা ভাই হারিয়ে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
স্থানীয় সূত্র ও নিহতদের পরিবার জানায়, মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি, পাকুড়িয়া ও মজিদপুর গ্রামের অধিকাংশ মানুষ জীবিকার তাগিদে নোয়াখালী ও ফেনী জেলার বিভিন্ন এলাকায় ফেরি করে হরেক রকম পণ্যের ব্যবসা করতেন। এসব গ্রামের শতাধিক মানুষ নিয়মিত সেখানে গিয়ে ১৫ দিন থেকে এক মাস পর্যন্ত ব্যবসা করে আয়-রোজগার শেষে বাড়ি ফিরতেন।
সবশেষ প্রায় ২০ থেকে ২৫ দিন আগে তারা ব্যবসার উদ্দেশ্যে নোয়াখালী যান। ঈদ সামনে রেখে পরিবারের সঙ্গে সময় কাটাতে এবং খরচ বাঁচাতে ২৬ জন একটি ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। পথে সোমবার ভোরে টাঙ্গাইলের কালিহাতী এলাকায় তাদের বহনকারী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রডবোঝাই একটি ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই বহু হতাহতের ঘটনা ঘটে।
স্বজনদের দাবি, দুর্ঘটনায় মোট ১৩ জন নিহত হয়েছেন। দ্রুত নিহতদের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়ার পাশাপাশি আহত ও নিহতদের পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম।



