ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা দুটি মাহিন্দ্রায় ইউনাইটেড পরিবহনের বাসের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের কাজীর শিমলা নজরুল উচ্চবিদ্যালয়ের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল ইউনাইটেড পরিবহনের বাসটি। বাসটি উল্টো পথে গিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি মাহিন্দ্রাকে পেছন থেকে ধাক্কা দেয়। এরপর ময়মনসিংহগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকেও পেছন থেকে ধাক্কা দেয় বাসটি।
দুর্ঘটনায় মাহিন্দ্রার দুই পুরুষ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত অন্তত ১০ জনকে স্থানীয় লোকজন ও পুলিশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার পর বাসটির চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার বিষয়ে ত্রিশাল থানা পুলিশ আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম শুরু করেছে।



