Friday, July 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

পদ্মা সেতুতে গত ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি

৮৯ হাজারেরও বেশি যানবাহন পারাপার হলেও এক্সপ্রেসওয়ে বা সেতুতে কোনো যানজট হয়নি

আপডেট : ২৭ মে ২০২৬, ১১:৩১ এএম

গত ৪৮ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ৮৯,৬১০টি যানবাহন পারাপারের মাধ্যমে মোট টোল আদায় হয়েছে ৯ কোটি ৮৩ লাখ ৩৯ হাজার ৮০০ টাকা।  

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ জানান, গত ২৬ মে ২০২৬ তারিখ রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সেতুর মাওয়া প্রান্ত দিয়ে ৩০,০৯৪টি যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে ২ কোটি ৮৭ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা। একই সময়ে জাজিরা প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ১৫,৫০৮টি যানবাহন, যেখান থেকে টোল সংগৃহীত হয়েছে ২ কোটি ১৫ লাখ ৭৬ হাজার ৯৫০ টাকা। সব মিলিয়ে ২৬ মে একদিনেই সেতু দিয়ে মোট ৪৫,৬০২টি যানবাহন পারাপার হয়েছে এবং সর্বমোট টোল আদায় হয়েছে ৫ কোটি ৩ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা।

এর আগের দিন, অর্থাৎ ২৫ মে ২০২৬ তারিখের ২৪ ঘণ্টায় মাওয়া প্রান্ত দিয়ে ২৮,৪১৫টি  যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় ২ কোটি ৬৪ লাখ ২১ হাজার টাকা। একই সময়ে জাজিরা প্রান্ত দিয়ে পারাপার হয় ১৫,৫৯৩টি যানবাহন, যেখান থেকে টোল আদায় হয় ২ কোটি ১৫ লাখ ৯৪ হাজার ৩৫০ টাকা। সব মিলিয়ে ওইদিন সেতু দিয়ে মোট ৪৪,০০৮টি যানবাহন পারাপার হয় এবং মোট টোল আদায় হয়েছিল ৪ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৩৫০ টাকা।

বুধবার (২৭ মে) সকাল থেকেও পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও পণ্যবাহী যানবাহনের ব্যাপক চাপ লক্ষ্য করা গেছে। তবে টোল প্লাজায় অতিরিক্ত লেন, মোটরসাইকেলের জন্য পৃথক ট্র্যাক এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতার কারণে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

সেতু কর্তৃপক্ষ জানায়, ঈদ উপলক্ষে টোল প্লাজার সক্ষমতা বাড়ানো, অতিরিক্ত জনবল নিয়োগ এবং যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, বিজিবিসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সদস্যরা মহাসড়কে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছেন।

এদিকে বিগত বছরগুলোর তুলনায় এবারের ঈদযাত্রা অনেক বেশি স্বস্তিদায়ক বলে জানিয়েছেন ঘরমুখো যাত্রীরা। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই অত্যন্ত দ্রুত সময়ে তারা গন্তব্যে পৌঁছাতে পারছেন।

   

About

Popular Links

x